
আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায় কারফিউ জারি করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এই দুই রাজ্যে কারফিউ জারি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প সমর্থকদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এই ঘটনায় পুলিশ আটক করেছে ১৩ জনকে। দীর্ঘক্ষণ তাণ্ডব চলার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে স্থগিত যৌথ অধিবেশন পুনরায় চালু হয়। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বওসার এক সরকারি বিজ্ঞপ্তিতে বলেছেন, কারফিউয়ের সময় মেয়রের অনুমোদন ছাড়া কোন ব্যক্তি শহরের কোথাও হাঁটাচলা, দৌড়ানো, দাঁড়ানো, ঘুরে বেড়ানো, গাড়িতে বা অন্য যানবাহনে ভ্রমণ করতে পারবেন না।