
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হংকংয়ে ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাধিকারকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় চীনকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এর সঙ্গে যারা জড়িত, তাদের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তাইওয়ান সফরে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
পম্পেও বলেন, গত বুধবারের অভিযানে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তারের বিষয়ে তিনি 'হতবাক' হয়েছেন। এ সময় যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের নির্বিচারে আটকে রাখা বা হয়রানি করা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পরই এমন বিবৃতি দিলেন পম্পেও। ক্যাপিটলে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো অনেকে।