News71.com
 International
 08 Jan 21, 07:05 PM
 358           
 0
 08 Jan 21, 07:05 PM

করোনা সংক্রমণ রোধে টোকিওতে জরুরি অবস্থা জারি

করোনা সংক্রমণ রোধে টোকিওতে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা করোনা সংক্রমণ রোধে জাপানের রাজধানী টোকিও ও এর আশপাশের তিনটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ শুক্রবার থেকে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত টোকিও, চিবা, সাইতামা ও কানাগাওয়া অঞ্চলে এ জরুরি অবস্থা জারি থাকবে। দেশটিতে করোনার নতুন ধরন শনাক্ত ও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী সুগা জরুরি অবস্থা চলাকালীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ৭০ শতাংশ উপস্থিতি কমিয়ে কর্মীদের বাড়ি থেকে কাজে উৎসাহী করতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সংক্রমিত এলাকাগুলোতে বাসিন্দাদের বিনা প্রয়োজনে বাইরে যেতে নিষেধ করেছেন তিনি। রেস্তোরাঁগুলো রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া খেলাধুলায় দর্শক উপস্থিতি সীমিত করতে বলেছেন তিনি।

জরুরি অবস্থা জারি করলেও আগামী জুলাইয়ে তারা টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক আয়োজন করতে চান বলে জানান প্রধানমন্ত্রী সুগা। তিনি বলেন, সুরক্ষিত ও নিরাপদ ক্রীড়া উৎসব আয়োজনে আমি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন