
আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা করার দায়ে মুম্বাই হামলার সন্দেজভাজন মূলহোতা এবং লস্কর-ই-তৈয়্যবার অপারেশন কমান্ডার জাকির-উর-রহমান লাখভিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। শুক্রবার (০৮ জানুয়ারি) দেশটির সন্ত্রাসবিরোধী আদালত (এসটিসি) এ রায় ঘোষণা করেন।
৬১ বছর বয়সী জাতিসংঘের সন্ত্রাসী তালিকাভুক্ত লাখভি ২০১৫ সাল থেকে মুম্বাই হামলা মামলায় জামিনে ছিলেন। শনিবার (২ জানুয়ারি) পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) তাকে গ্রেফতার করে। শুনানির পর আদালতের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় লাখভিকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়ার জন্য আবেদন জানায় সিটিডি।
অভিযোগ প্রমাণিত হওয়ায় লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। বিচারক এজাজ আহমাদ বাট্টার তিনটি অভিযোগের সত্যতা পাওয়ায় লাখভিকে প্রত্যেক অপরাধের জন্য ৫ বছর করে মোট ১৫ বছরের সাজা ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি অপরাধের জন্য ৬২০ মার্কিন ডলার করে জরিমানাও করেন তিনি।