
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, হোয়াইট হাউসের ক্ষমতায় কে বসলেন সেটি বিষয় নয় বরং আসল কথা হচ্ছে- যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় শত্রু। তিনি বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে শত্রুতার নীতি অনুসরণ করে আসছে হোয়াইট হাউসের ক্ষমতার পালাবদলে সে নীতিতে কোনো পরিবর্তন হবে না। এ সময় তিনি পরমাণু অস্ত্রাগার ও মজুত ব্যাপকভাবে সমৃদ্ধ করার ঘোষণা দেন।
কিম বলেন, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু যুক্তরাষ্ট্র। আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চাই না , যদি না কোনো অপশক্তি প্রথমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এটি ব্যবহার করে। উত্তর কোরিয়া পরমাণু সক্ষমতা বাড়াবে। তবে পিয়ংইয়ং পরমাণু অস্ত্রের অপব্যবহার করবে না বলে জানান তিনি। তিনি আরো জানান, উত্তর কোরিয়া নিজেদের অস্ত্রভাণ্ডার আরো প্রসারিত করছে। নানান আকারের পরমাণু ওয়ারহেড বানাচ্ছে তার দেশ। এ সময় তিনি মার্কিন সাম্রাজ্যবাদ-বিরোধী স্বাধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কিমের এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের নতুন সরকারের ওপর চাপ প্রয়োগের চেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন কিমের এই ঘোষণা আসন্ন বাইডেন সরকারকে আগাম হুমকির শামিল।