
আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এবার তিব্বতের রাজধানী লাসা শহরের ওপর দিয়ে যুদ্ধবিমানের মহড়া চালিয়েছে চীন। চীনা বিমানবাহিনীর বেশ কিছু হেলিকপ্টার এবং যুদ্ধবিমান লাসা শরের ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে।
ভারতীয় মাধ্যম জি মিডিয়ার এক্সক্লুসিভ ছবিগুলোতে দেখা যায়, চীনা সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া চালিয়েছে, যেখানে লাসার উপর দিয়ে কয়েক ডজন চীনা সামরিক হেলিকপ্টার এবং যুদ্ধবিমান বিমান উড়ে যাচ্ছে। বিশেষজ্ঞের মতে, বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে চীনের বিরুদ্ধে সোচ্চার, তাতে বেইজিং বিরক্ত। দেশটির তিব্বতকে হারানোর ভয় কাজ করে, তাই তারা ৬০ বছরেরও বেশি সময় ধরে তিব্বতকে শক্তহাতে শাসন করছে।
সম্প্রতি তিব্বতের সমর্থনে যুক্তরাষ্ট্রে ‘২০২০ সালের তিব্বতি নীতি ও সহায়তা আইন’ পাস হয়েছে। এই আইনে বলা হয়েছে, তিব্বতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামার উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে হস্তক্ষেপকারী চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।