
আন্তর্জাতিক ডেস্কঃ নরওয়েতে ২৩ জনের মৃত্যুর ঘটনাটি করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হতে পারে বলে জানিয়েছে দেশটির হেলথ রেগুলেটর। তাদের মৃত্যু হয় কভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়ার পর। নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সির মেডিক্যাল ডিরেক্টর স্টেনার ম্যাডসেন বলেছেন, এটি একটি কাকতালীয় ঘটনা হতে পারে। তবে আমরা নিশ্চিত নই। তিনি আরো বলেছেন, এই মৃত্যু ও ভ্যাকসিনের মধ্যে নিশ্চিত কোনো সম্পৃক্ততা নেই।
এক বিবৃতিতে নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সি বলছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জনের ময়নাতদন্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এমআরএনএ ভ্যাকসিনগুলোর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন জ্বর, বমি বমি ভাব ও ডায়রিয়ার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
নরওয়েতে ২৩ জনের মৃত্যুর ঘটনার পর দুর্বল বয়স্কদের টিকা দেওয়ার বিষয়ে আরও বিশদ পরামর্শসহ করোনার টিকাদান নীতি আপডেট করেছে নরওয়েজিয়ান সরকার এবং নরওয়েজিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ। চিকিৎসকরা এখন থেকে রোগীদের করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে এর ঝুঁকি এবং খুব দুর্বল রোগীদের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মূল্যায়ন করবেন।