
আন্তর্জাতিক ডেস্কঃ বিদায়বেলায় বক্তৃতা দেওয়া, উত্তরসূরিকে বরণ করা এবং তাঁর জন্য শুভেচ্ছাবার্তা রেখে যাওয়া—এমন সব রেওয়াজ পায়ে ঠেলে হোয়াইট হাউস ছাড়ার পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেটা তিনি করবেন জো বাইডেনের অভিষেকের আগেই।
স্থানীয় সময় আগামী বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। সেদিন অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প থাকবেন না, সেটা বলে দিয়েছেন বহু আগেই। শুধু তা-ই নয়, সেদিন সকাল সকাল হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যাবেন এ রিপাবলিকান নেতা।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবেই আগামী বুধবার সকালে হোয়াইট হাউস ত্যাগ করবেন ট্রাম্প। শেষবারের মতো এয়ারফোর্স ওয়ান বিমানে করে চার বছরের আবাসন ত্যাগ করবেন তিনি। প্রথা ভেঙে ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পরিকল্পনা করলেও বাইডেনের অভিষেক অনুষ্ঠানে সস্ত্রীক থাকছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এদিকে ট্রাম্পের বিদায়ের আগেই তাঁর ব্যক্তিগত মালপত্র গত শুক্রবার হোয়াইট হাউস থেকে ট্রাকযোগে সরিয়ে নিতে দেখা গেছে।