
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে প্রয়োজনের তুলনায় কম করোনা ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র। শনিবার ভারতে নরেন্দ্র মোদির সরকার করোনার টিকা প্রয়োগের কর্মসূচি শুরুর দিনে এমন অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সকালে অবশ্য এক ভারচুয়াল অনুষ্ঠানে করোনা যুদ্ধের প্রথম সারির অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাফাই কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন তিনি এবং তখনই তিনি এই অভিযোগ করেন। তারপর, সকল রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।
‘রাজ্যের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেব। প্রয়োজনে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে কিনব’। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যবাসী সবাই বিনামূল্যে ভ্যাকসিন পাবেন। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম দফায় যদিও প্রায় ৫.৮ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা ছিল সেই সংখ্যা অর্ধেক করা হয়েছে অপর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের কারণে।