
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের অভিষেক ঘিরে রাজ্য পরিষদগুলোর কাছে বিক্ষিপ্ত বিক্ষোভ করেছে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা। বিভিন্ন গ্রুপে বিক্ষোভকারীরা টেক্সাস, ওরেগন, মিশিগান, ওহিও সহ আর কয়েকটি জায়গার ক্যাপিটল ভবনের বাইরে এই মহড়া দেয়।
স্থানীয় সময় রোববার অবশ্য কড়া নিরাপত্তার মধ্যেই যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত সমাবেশ করেছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। কিন্তু ট্রাম্পের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। টুইটার, ফেসবুকসহ প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিষিদ্ধ করার পর কোথাও দেখা যাচ্ছে না ট্রাম্পকে। এছাড়া গতকাল ট্রাকে করে তাঁর মালপত্র হোয়াইট হাউস থেকে আরেক দফা সরিয়ে নিতে দেখা গেছে।
এদিকে আগামী বুধবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে দেশজুড়ে সশস্ত্র প্রতিবাদ হতে পারে বলে এফবিআই আগেই সতর্ক করেছিল। সহিংস প্রতিবাদের আশঙ্কায় বহু নগর কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে, সড়কগুলোতে অবরোধ বসিয়ে হাজার হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করেছে।