
আন্তর্জাতিক ডেস্কঃ নিজের সিনেট আসন থেকে পদত্যাগ করছেন কামালা হ্যারিস। আজ সোমবার নিজের পদ থেকে তিনি পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে। আগামী বুধবার (২০ জানুয়ারি) নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কামালা হ্যারিসও শপথ নেবেন। আর এ জন্য বর্তমান সিনেটের পদ ছাড়তে হবে তাকে।
যুক্তরাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কামালা হ্যারিস। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন তিনি।
এক প্রতিবেদনে বলা হয়েছে, কামালা হ্যারিস একাধারে একজন বর্ষীয়ান অধিকারকর্মী, একজন আইনজীবী এবং একজন রাজনীতিক। সে সঙ্গে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট পদবি। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান বংশোদ্ভূত মার্কিন নারী যিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ক্যালিফোর্নিয়ার একজন জুনিয়র সিনেটর নির্বাচিত হওয়ার চার বছর পরে আজ সোমবার তিনি সেই আসন থেকে পদত্যাগ করছেন। কামালা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে। বাবা জ্যামাইকান ও মা ভারতীয়।