
আন্তর্জাতিক ডেস্কঃ গুয়েতেমালা সীমান্তে হন্ডুরাসের হাজার হাজার অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন। তারা পায়ে হেঁটে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আশায় নিজ দেশ ছেড়েছেন। গতকাল রবিবার গুয়েতেমালার ভেতরে সীমান্তবর্তী চিকুইমুলা এলাকায় নিরাপত্তা রক্ষীদের ব্যারিকেড অতিক্রম করতে গেলে অভিবাসন প্রত্যাশীদের ওপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়। তারপরও যুক্তরাষ্ট্রের পথে তারা পদযাত্রা অব্যাহত রেখেছে।
দেশটি সীমান্তে অবৈধ প্রবেশ ঠেকাতে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছে। গতকাল রবিবার অন্তত সাত হাজার অভিবাসী গুয়েতেমালার ভাদো হোন্ডো গ্রামের সীমান্তে পৌঁছায়। তারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় অনেক অভিবাসী নিরাপত্তা বলয় টপকে সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়ে। এর আগে গত শনিবার অন্তত দুই হাজার অভিবাসী নিরাপত্তা বলয় টপকে গুয়েতেমালায় ঢুকে পড়ে। গুয়েতেমালার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার আগে হন্ডুরাসের অভিবাসন-প্রত্যাশীরা প্রায় ৪৩ কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন।