
আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট থাকার শেষ পূর্ণ কর্মদিবসে আরো ১০০ জনকে সাধারণ ক্ষমার জন্য প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। আগামীকাল মঙ্গলবারই এ সংক্রান্ত নথিতে সই করবেন তিনি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
সিএনএন- এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল ১৯ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ পূর্ণ কর্মদিবস। ২০ জানুয়ারি দুপুরে জো বাইডেন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি সাধারণ ক্ষমাপত্রে সই করতে পারবেন। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার নিজস্ব লোকজনকে সাধারণ ক্ষমা প্রদান করবেন, কাউকে কাউকে অপরাধ থেকে আগাম মুক্তিও দেবেন। এ ক্ষেত্রে মার্কিন সংবিধানে প্রেসিডেন্টকে সর্ব ক্ষমতা দেওয়া হয়েছে।