
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্পপন্থীদের বিক্ষোভের দিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অফিস থেকে ল্যাপটপ ও হার্ড ড্রাইভ চুরি করা ট্রাম্প-সমর্থক রাইলি উইলিয়ামসকে গ্রেপ্তার করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী। ওই ল্যাপটপটি তিনি রাশিয়ার গোয়েন্দা বাহিনীর কাছে বিক্রি করতে চেয়েছিলেন- এমন অভিযোগে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
হারানো ল্যাপটপের সন্ধান করতে গিয়ে প্রথমে এক যুবকে আটক করে দেশটির পুলিশ। তারপর সেই যুবকের দেওয়া তথ্য থেকে গতকাল সোমবার রাইলি জুন উইলিয়ামস নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। সহিংস ও অবৈধভাবে কংগ্রেস ভবনে প্রবেশ এবং বিশৃঙ্খল আচরণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। গত রবিবার আদালতে জমা দেওয়া হলফনামায় এফবিআইয়ের এক এজেন্ট এ তথ্য জানিয়েছেন।
পার্লামেন্ট ভবনে ট্রাম্প-সমর্থকদের তাণ্ডবের পর বেশ কিছু ইলেক্ট্রনিকস সরঞ্জামও খোয়া যায়। দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি মাইকেল শেরউইনের মতে, গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো চুরি হওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকির সামিল।