
আন্তর্জাতিক ডেস্কঃ কোনও রকমের পূর্বশর্ত ছাড়াই ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে বেইজিং বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো প্রত্যাহার করা উচিত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং গতকাল মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন যখন শপথ নিতে যাচ্ছেন তার কয়েক ঘন্টা আগে বেইজিং এই আহ্বান জানাল। চুনইং বলেন, ইরানের পরমাণু ইস্যুটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণ পার করছে। এই সময়ের জরুরি কর্তব্য হচ্ছে, গত ডিসেম্বর মাসে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যে সমঝোতা প্রতিষ্ঠা হয়েছিল তা বাস্তবায়নে সব পক্ষের প্রচেষ্টা জোরদার করা।