
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফিলিস্তিনে বিভিন্ন রাজনৈতিক দল। অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, তিনি পবিত্র আল-কুদস বা জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী মনে করেন। গত মঙ্গলবার সিনেটের এক শুনানিতে তাকে জিজ্ঞেস করা হয় তিনি জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী মনে করেন কি না এবং ট্রাম্পের বিদায়ের পর জেরুজালেম শহরেই মার্কিন দূতাবাস রাখা হবে কি না। জবাবে ব্লিংকেন দু’বার হ্যাঁ বলেন।
দীর্ঘদিনের অনুসৃত নীতি উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম শহরে স্থানান্তর করেন। ট্রাম্পের বিদায়ের পর সেই ধারা অব্যাহত থাকবে কি না তা নিয়ে নানা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের অবসান ঘটালেন ব্লিংকেন। তার এই ঘোষণার পর গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আন্তর্জাতিক যে সমস্ত আইন ও প্রস্তাবনার মাধ্যমে জেরুজালেম শহরকে ইসরায়েলের হাতে দখল হয়ে যাওয়া শহর হিসেবে উল্লেখ করা হয়েছে ব্লিংকেনের বক্তব্য তার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এটি সমস্ত আরব জাতির জন্য আরেকটি প্রকাশ্য অপমান।