News71.com
 International
 21 Jan 21, 10:32 AM
 285           
 0
 21 Jan 21, 10:32 AM

শপথ নিয়েই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন॥

শপথ নিয়েই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিন ১৫টি নির্বাহী আদেশ ও দুটি দাফতরিক নথিতে স্বাক্ষর করেছেন জো বাইডেন। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে এসব আদেশে সই করেন তিনি। নির্বাহী আদেশে স্বাক্ষরের দিক থেকে ট্রাম্প ও বারাক ওবামাকে পেছনে ফেলেছেন বাইডেন। ট্রাম্প শপথগ্রহণের পর দুই সপ্তাহে ৮টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। আর বারাক ওবামা ৯টিতে স্বাক্ষর করেছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে, এসব নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে বাইডেন বুঝিয়ে দিলেন, ট্রাম্পের নীতি পাল্টে দিতে তিনি বিলম্ব করতে রাজি নন।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছেন তিনি। এ চুক্তিতে ফেরার বিষয়ে জাতিসংঘে নোটিশ পাঠানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গত বছর ওই চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার যে প্রক্রিয়া ট্রাম্প শুরু করেছিলেন, তা থামাতেও পদক্ষেপ নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন