
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের নতুন যে ধরন ইংল্যান্ডে শনাক্ত হয়েছে সেটি নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জানালেন, করোনার এই রূপটি শুধু অধিক সংক্রামকই নয়, এতে মৃত্যুহারও বেশি। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে করোনার নতুন এই ধরন শনাক্ত হলেও তা ডিসেম্বরের মধ্যেই ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও। শুরুতে জানা গিয়েছিল করোনার এই রূপটি খুবই সংক্রামক। এবার জানা গেল, করোনার নতুন এই ধরন সাধারণ করোনার চাইতে বেশি প্রাণঘাতী। খবর এএফপি ও আল-জাজিরা’র।
বরিস জনসন বলেন, “আমাদের জানানো হয়েছে যে করোনাভাইরাসের নতুন রূপ কেবল বেশি সংক্রামকই নয়, এতে মৃত্যু হারও বেশি। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড ও লন্ডনে করোনার যে নতুন রূপ ছড়িয়েছে গবেষণায় উঠে এসেছে এটি আরও বেশি প্রাণঘাতী। করোনার এই স্ট্রেইনে মৃত্যুহার বেশি।” তবে জনসন এও জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত টিকা সাধারণ ও নতুন করোনা ভাইরাস উভয়ের ক্ষেত্রেই কার্যকর।