
আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেসের কৃষি আইন বিরোধী মিছিলে জলকামানের সঙ্গে কাঁদানে গ্যাস এবং ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বহু কংগ্রেস সমর্থক। ধস্তাধস্তিতে আহত হয়েছেন বেশ কয়েক জন পুলিশও। শান্তিপূর্ণ মিছিলে দলের সমর্থকদের প্রতি পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস।
বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় এবং আন্দোলনকারী কৃষকদের সমর্থনে ভারতের মধ্যপ্রদেশে দু’সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে কংগ্রেস। এরই অংশ হিসেবে আজ শনিবার রাজধানী ভোপালে হাজার হাজার সমর্থকদের নিয়ে মিছিলে নামে কংগ্রেস। তাতে নেতৃত্ব দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। সকালে প্রথমে জওহর চকে কংগ্রেস সমর্থকরা জড়ো হয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেন। পরিকল্পনা ছিল রাজ্যপাল আনন্দীবেন পটেলের বাসভবন ঘেরাও করে বিতর্কিত আইন তিনটি প্রত্যাহারের দাবি জানানো।
কিন্তু রাজভবনে যাওয়ার অভিমুখে মিছিল আটকে দেয় পুলিশ। ফিরে না গেলে বলপ্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করে মিছিল। তাতেই কংগ্রেস সমর্থকদের উপর জলকামান প্রয়োগ করে পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। সেই সঙ্গে শুরু হয় এলোপাথাড়ি লাঠিচার্জ।