
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের আটটি বোমারু বিমান এবং চারটি যুদ্ধবিমান গতকাল শনিবার তাইওয়ানের আকাশসীমায় প্রবেশের ঘটনায় কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীন প্রতিবেশী দেশকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। এটা উদ্বেগের। চীনের উদ্দেশে যুক্তরাষ্ট্র আরও বলেছে, তাইওয়ানের ওপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বন্ধে আমরা বেইজিংয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। তাইওয়ানে নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তাদের সঙ্গে আলোচনায় বসুন। যুক্তরাষ্ট্র তাইওয়ানের পুরনো মিত্র।
সম্প্রতি দেওয়া বিবৃতিতে, তারা তাইওয়ানের সঙ্গে সুসম্পর্ক অব্যাহত রাখবে বলেও জানিয়ে দিয়েছে। এর আগে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনের যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। পরিস্থিতি মোকাবিলায় ওই অঞ্চলে বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাইওয়ান।