
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত করোনার টিকা পার্শ্ববর্তী বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও মায়ানমারে সরবরাহ করছে। তবে দেশটি এখনো পাকিস্তানের নিকট থেকে টিকা সরবরাহের জন্য কোনো অনুরোধ পায়নি। সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ভারত ভ্যাকসিন উৎপাদনে বিশ্বব্যাপী একটি হাব হিসেবে ব্যবহার হচ্ছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরাতে বলেন, কোভিড-১৯ মোকাবেলায় ভারতে তৈরি করোনার ভ্যাকসিন মানবতার কল্যাণে ব্যবহার করা হবে।
ভারতের এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী ভারত প্রথমে ভুটানে দেড় লাখ করোনার টিকা সরবরাহ করে। এরপর মালদ্বীপে এক লাখ করোনার ভ্যাকসিন সরবরাহ করে। এছাড়াও গত বৃহস্পতিবার নেপালের জন্য আরও ১০ লাখ, বাংলাদেশের জন্য ২০ লাখ করোনার টিকা দেওয়া হয়েছে। আর গত শুক্রবার মিয়ানমারের জন্য ১৫ লাখ, মরিশাসের জন্য এক লাখ ও পূর্ব আফ্রিকার দেশ সেশেলস-এর জন্য ৫০ হাজার করোনার টিকা পাঠানো হয়েছে।