
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বে একটি নৌবহর প্রবেশ করেছে। সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনার মধ্যেই ‘সমুদ্রের স্বাধীনতার’ প্রতি জোর দিতে এই নৌবহর মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, নৌবহরটি দক্ষিণ চীন সাগরে অবস্থান করছিল। এই সাগরের বড় অংশই চীন নিজেদের বলে দাবি করে। বিবৃতিতে বলা হয়, ‘সাগরের স্বাধীনতাকে নিশ্চিত করতে ও সমুদ্রের নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারি বিনির্মাণে’ এই নিয়মিত অপারেশন পরিচালনা করা হয়েছে।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার দক্ষিণ চীন সাগরে তাদের নৌবহর প্রবেশ করেছে। শনিবারই চীনের আটটি বোমারু ও চারটি ফাইটার বিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অনুপ্রবেশ করেছিল। তাইওয়ানে এতগুলো চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ বেশ বিরল ঘটনা বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডগ ভেরিসিমো বলেন, ‘সমুদ্রে আমার ৩০ বছরের নাবিকের অভিজ্ঞতায় দক্ষিণ চীন সাগর আবার দেখতে পারাটা দারুণ ব্যাপার ছিল।’