
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির মধ্যে ভারতে আরও ধনী হয়েছে ধনী এবং গরীবের মধ্যে বেড়েছে বৈষম্য। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অক্সফ্যামের একটি সমীক্ষায় ভারতের মুষ্টিমেয় ধনকুবের এবং কোটি কোটি অদক্ষ শ্রমিকের আয়ের মধ্যে বিশাল ফারাকের বিষয়টি উঠে এসেছে। অক্সফ্যামের ওই রিপোর্টের শিরোনাম ‘দ্য ইনইক্যুয়ালিটি ভাইরাস’ অর্থাৎ ‘বৈষম্যের ভাইরাস’। আগামী ২৬ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ এর বৈঠকে রিপোর্টটি উপস্থাপন করা হবে। রিপোর্টে বলা হয়েছে, লকডাউনের সময় ভারতে ধনকুবেরদের সম্পদ বেড়েছে গড়ে ৩৫ শতাংশ। উল্টো দিকে ৮৪ শতাংশ পরিবারের আয় কমেছে বিভিন্ন ভাবে।
গত বছর এপ্রিলেই প্রতি ঘণ্টায় কাজ হারিয়েছেন ১ দশমিক ৭ লাখ মানুষ। রিপোর্ট অনুযায়ী, গত বছরের মার্চ থেকে ভারতের ১০০ ধনকুবেরদের যে পরিমাণ সম্পদ বেড়েছে তা দিয়ে তারা দেশটির ১৩ কোটি ৮০ লাখ দরিদ্রতম মানুষকে অন্তত ১ লাখ ১০ হাজার টাকা করে দান করতে পারতেন।