
আন্তর্জাতিক ডেস্কঃ ১৭ মাস জেলে থেকেছেন ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রতিবেশী প্রতিবন্ধী এক নাবালিকাকে ধর্ষণ করেছেন তিনি। সেই কারণে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই অভিযোগের ভিত্তিতে চার্জশিট দিয়েছিল পুলিশ। আদালতে পাল্টা জামিনের আবেদন করেছিলেন অভিযুক্ত। কিন্তু তদন্ত চলছিল বলে আবেদনে সাড়া দেয়নি আদালত।
শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষা করে দেখা গেল, ওই নাবালিকার সন্তানের বাবা নন অভিযুক্ত। সেই কারণে ১৭ মাস জেলে থাকার পর তাকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, দু’পক্ষের মন্তব্য শুনানির পর আদালত অভিযুক্তকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আদালত। তবে আপাতত ডিএনএ পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে জামিন দেওয়া হলো।