
আন্তর্জাতিক ডেস্কঃ এক মাসের জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথি আন্দোলনকে ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করে এটির সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন নিষিদ্ধ করে দিয়েছিলেন।
সোমবার (২৫ জানুয়ারি) মার্কিন অর্থ বিভাগের দেয়া লাইসেন্স অনুযায়ী হুথি আন্দোলন বা যেসব প্রতিষ্ঠানে এই আন্দোলনের শতকরা ৫০ ভাগ বা তার বেশি বিনিয়োগ আছে সেসব প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য বা ব্যবসায়িক লেনদেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে হুথি আন্দোলনের যেসব নেতাকে আমেরিকার কালো তালিকায় স্থান দেওয়া হয়েছে তারা এই স্থগিতাদেশের আওতায় পড়বেন না।