
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ রাশিয়ার। মস্কো জানিয়েছে, রুশ বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনির সমর্থনে আয়োজিত বিক্ষোভে পশ্চিমা দেশগুলো মদত দিচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন। এদিকে এই বিক্ষোভের ব্যাপারে আমেরিকা বলেছে, দেশটির নাগরিকদের বিক্ষোভ করার অধিকার রয়েছে।
মস্কোর মার্কিন দূতাবাসের মুখপাত্র রেবেকা রস টুইটারে দাবি করেন, রাশিয়া জনগণের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আরো বলেছেন, বিক্ষোভ মোকাবেলার জন্য রাশিয়ার সরকার যে পদক্ষেপ নিয়েছে তা জনগণের এই অধিকার লঙ্ঘনের শামিল। এছাড়া রাশিয়ায় অবস্থানরত মার্কিন জনগণের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।
সোমবার রাশিয়ার একটি সরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমেরিকার পক্ষ থেকে এই সমস্ত বক্তব্য-বিবৃতি এবং পদক্ষেপ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের সামিল।