
আন্তর্জাতিক ডেস্কঃ তিন বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে ভারতের প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে সকাল থেকেই কৃষকরা বিক্ষোভ মিছিল শুরু করেন। কথা ছিল স্থানীয় সময় দুপুর ১২টার পর শুরু হবে ট্রাক্টর মিছিল।
কিন্তু সকাল সাড়ে ৮টার দিকেই সিংঘু সীমান্তে হাজার হাজার কৃষক পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। নির্ধারিত সময়ের অনেক আগেই ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকতে শুরু করেন তারা। ট্রাক্টর র্যালি ঘিরে উত্তেজনার মধ্যে কৃষকদের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পরিস্থিতি সামল দিতে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম জানায়, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তিনটি নির্দিষ্ট রাস্তায় কৃষকদের ট্রাক্টর মিছিল করার অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ।
কিন্তু মঙ্গলবার সরকারি নির্দেশনা উপেক্ষা করে সকাল সকাল মিছিল শুরু করে দেন কৃষকরা। পুলিশ তাদের বারবার অনুরোধ করে ধীর গতিতে এগোতে। কিন্তু সিংঘু সীমানায় ৫ হাজার কৃষকের জমায়েতের সামনে উপস্থিত সামান্য সংখ্যায় পুলিশকর্মীরা রীতিমতো অসহায় হয়ে পড়েন।