
আন্তর্জাতিক ডেস্কঃ বয়স্কদের ওপর অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে জার্মানির সন্দেহ সত্ত্বেও সব বয়সীদের জন্যই এটি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় কর্তৃপক্ষ। ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) সুপারিশের ভিত্তিতে শুক্রবার ইউরোপীয় কমিশন তাদের ২৭টি দেশে ভ্যাকসিনটি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ইএমএ বলেছে, ক্লিনিক্যাল পরীক্ষায় কোভিড ১৯ এর বিরুদ্ধে ১৮ বছরের উপরের বয়সীদের জন্য টিকাটি নিরাপদ ও কার্যকর ছিল।
সম্প্রতি জার্মানির দুইটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে বলা হয়, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৮ শতাংশ। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। তারা জানিয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রেও তাদের টিকা সমান কার্যকর। তারপরেও জার্মানির ভ্যাকসিন কমিটি অ্যাস্ট্রাজেনেকার টিকা ৬৪ বা তার কম বয়সীদের দেওয়ার পরামর্শ দিয়েছে। বেশি বয়স্কদের ক্ষেত্রে টিকাটি সত্যিই কার্যকর কি না, তা নিয়ে সন্দেহের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও।