
আন্তর্জাতিক ডেস্কঃ তুষারে ছেয়ে গেছে লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন শহর। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্যে তুষারপাত অব্যাহত আছে। এদিকে জাপানের উত্তরাঞ্চলে ভারি তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বরফের স্তূপ জমে যাওয়ায় রেল চলাচল বন্ধের পাশাপাশি অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। বরফে বরফে ঢাকা পথঘাট আর বাড়ির ছাদ। সফেদ তুষারে ছেয়ে গেছে জাপানের উত্তরাঞ্চল।
শনিবার (৩০ জানুয়ারি) ৬০ সেন্টিমিটারের বেশি তুষারপাত হয় হোক্কাইডো দ্বীপ ও এর আশপাশের এলাকাগুলোতে। এতে গুরুত্বপূর্ণ অনেক অঞ্চলে বরফ জমে থাকায় বন্ধ থাকে যান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে অন্তত ৭৮টি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। এ ছাড়া বেশ কয়েকটি অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ রাখা হয়।