
আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস’র মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক কেনেথ কাৎজম্যান বলেছেন, ইরানকে অর্থনৈতিক লেনদেনের পূর্ণ স্বাধীনতা না দেওয়া পর্যন্ত পরমাণু সমঝোতার সমস্ত প্রতিশ্রুতি মানতে রাজি হবে না তেহরান। ব্যাংকিং, তেল বিক্রি এবং তেলজাত পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ইরান পূর্বশর্ত হিসেবে উল্লেখ করে আসছে। ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় ফিরে আসার জটিলতা প্রসঙ্গে আটলান্টিক কাউন্সিলের এক বৈঠকে কেনেথ কাৎজম্যান এসব কথা বলেন।
কেনেথ কাৎজম্যান জানান, বিশ্বের বিভিন্ন দেশে ইরানের আটকে পড়া অর্থের পরিমাণ আট থেকে নয় হাজার কোটি ডলারে পৌঁছেছে যার মধ্যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতেই আটকে রয়েছে ৭০০ কোটি ডলার। এ নিয়ে তেহরান ও সিউলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন এ বিশ্লেষক বলেন, ইরানকে পরমাণু সমঝোতায় ফেরাতে হলে তেহরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।