
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উহানের সেই বিতর্কিত মাংসের বাজারে গতকাল রবিবার পা রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল। এই বাজার থেকেই ২০১৯ সালে প্রথম করোনার সংক্রমণ ঘটেছিল বলে সন্দেহ বিশেষজ্ঞদের একাংশের। চীন নিজেও এক সময় তেমনটাই বলেছিল। খবর ইকনোমিক টাইমসের।
পরে অবশ্য তারা উহানকেই করোনার উৎস হিসেবে মানতে অস্বীকার করে। চীন এখন দাবি করে, চীনে প্রথম সংক্রমণ ধরা পড়লেও ভাইরাসটির উৎস অন্য কোনো দেশ। করোনা ভাইরাসের উৎসের সন্ধানে চীনে গিয়ে তদন্ত করে দেখার আবেদন জানিয়েছিল ডব্লিউএইচও। বহু টালবাহানার পরে সম্প্রতি অনুমতি দিয়েছে চীন। তদন্ত করতে আপাতত চীনে রয়েছে দলটি।
তারা উহানের ‘হুনান সিফুড মার্কেট’ এবং অন্য একটি পাইকারি বাজারে যায়। গত বছর জানুয়ারি মাসে সংক্রমণ ধরা পরার পর থেকে বন্ধ রয়েছে উহানের বাজারটি। রবিবার দুটি বাজার চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা। শুধু ডব্লিউএইচও’র দলটিকে ঢুকতে দেওয়া হয়। সাংবাদিকদেরও প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। বাজারের বাইরে অপেক্ষায় ছিলেন তারা।