
আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে ১২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করার ঘোষণা দিয়েছে ব্রিটেন। বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তির অঞ্চলে প্রবেশের ক্ষেত্রে এগিয়ে গেল দেশটি। এ অঞ্চলের ১১টি উন্নত এবং উন্নয়নশীল দেশের সঙ্গে চুক্তিতে আসবে ব্রিটেন, এটি সিপিটিপিপি হিসেবে পরিচিত।
ব্রিটিশ সরকার রোববার (৩১ জানুয়ারি) জানিয়েছে, কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ- সিপিটিপিপি চুক্তিতে যাওয়ার জন্য আবেদন করেছে দেশটির সরকার। ব্রিটিশ বাণিজ্য সচিব লিজ ট্রুস জানান, জাপান আর নিউজিল্যান্ডের সঙ্গে শিগগিরই বৈঠকে বসা হবে। বছরের শুরুতেই শুরু হবে আলোচনা।ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি যুক্তরাষ্ট্র অনেক আগেই নাকোচ করে দিয়েছিল।
বর্তমানে সিপিটিপিপি'র সদস্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, ব্রুনেই, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। বিশ্ব অর্থনীতির ১৩ শতাংশ আয় নির্ভর করে এসব দেশের ওপর।