
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ‘অপরিহার্য’ ছিল। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাং। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর আন্তর্জাতিক চাপের মুখে এ কথা বললেন তিনি। দেশটির সেনাবাহিনীর ফেসবুক পাতায় সেনাপ্রধানের যে বক্তব্য প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে, ‘বহু বার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু কোনও ফল হয়নি। সে কারণেই আমরা এই পথ বেছে নিতে বাধ্য হলাম’।
গেল বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি নিয়ে সু চি-র সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা টানাপড়েন চলছিল। ওই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় সু চি-র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। সোমবার সংসদের অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সেনা অভ্যুত্থান ঘটে। মিয়ানমারে হঠাৎ দেশের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। অং সান সু চি এবং এনএলডি-র বহু নেতাকে আটক করে তারা।