
আন্তর্জাতিক ডেস্কঃ নিজ দেশের জিনজিয়াং অঞ্চলে চলমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ লাগাতার অস্বীকার করে আসছে চীন। এমন পরিস্থিতির মধ্যেই ওই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে উইগুর ভাষায় শিক্ষা প্রদান বন্ধ করে দেওয়ার খবর সামনে এলো। জানা গেছে, উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াংয়ে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের (জুয়ার) কেপলিন কাউন্টি আর ছাত্রদের উইগুর ভাষায় শিক্ষা প্রদান করে না, যদিও সেখানে উইগুর জনসংখ্যা অনেক বেশি। উইগুর মুসলমানদের অধিকার লঙ্ঘনের জন্য বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে চীন। অভিযোগ উঠেছে, উইগুরদের ধর্মীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছে চীন। এছাড়া তাদের ক্যাম্পে বন্দি করে জোরপূর্বক পুনঃশিক্ষা বা চীনা মতবাদের শিক্ষা দেওয়া হচ্ছে।