
আন্তর্জাতিক ডেস্কঃ নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও অনির্দিষ্টকালের জন্য বিধিনিষেধ আরোপ করল কাতার। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকে এ বিধিনিষেধ কার্যকর করা হয়। বিধিনিষেধ আরোপ করায় আবারো ক্ষতির মুখে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে দেশটির প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই, জরিমানার হাত থেকে বাঁচতে বিধিনিষেধ মেনে চলার আহ্বান প্রবাসীদের। সারাবিশ্বে করোনার দ্বিতীয় ডেউ শুরু হলেও কাতারের করোনা পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের মধ্যে। স্বাভাবিক ছিল জনজীবনের চলাফেরা, ছিল না কোনো বিধিনিষেধ। শুধু নাগরিকদের রাস্তায় বের হলে মাস্ক পরা ছিল বাধ্যতামূলক।
তবে সপ্তাহ জুড়ে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও অনির্দিষ্ট কালের জন্য আরোপ করা হলো বিধিনিষেধ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিকদের উপস্থিতির সংখ্যা ৮০% বেশি হওয়া যাবে না। বন্ধ ঘোষণা করা হয়েছে পাবলিক পার্ক, সমুদ্র সৈকত, টুরিস্ট ইয়ট, কার্নিশ সাগরের ভাড়াকৃত নৌকা। রেস্টুরেন্ট, সেলুনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ওপর জারি করা হয়েছে বিধিনিষেধ, বিধিনিষেধ অমান্য করলে জেলসহ গুনতে হবে জরিমানা।