
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে গত ছয় বছর ধরে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে যে সামরিক ও গোয়েন্দা সহায়তা পেত তা বন্ধ হয়ে যাচ্ছে। বাইডেন বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে এ ঘোষণা দেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি উল্টে দিয়ে বাইডেন ঘোষণা করেন, “এই যুদ্ধের ইতি টানতে হবে।” তিনি আরও বলেন, “আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ইয়েমেন যুদ্ধে অস্ত্র বিক্রিসহ আমেরিকার সব ধরনের সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিচ্ছি।” অবশ্য সৌদি আরবের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজে ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন।