
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমার সেনাবাহিনীর সামরিক অভ্যুত্থানের বিরোধিতায় রাজপথে নেমে এসেছে সেদেশের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা নাগরিক আন্দোলনের গতি বাড়িয়ে চলেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহত্তম শহর ইয়াঙ্গুনের একটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা কারাগারে থাকা নেত্রী অং সান সু চির পক্ষে সমর্থন জানায় এবং তার দলের রঙ লাল ফিতা পরেন। গত সোমবার সেনা অভ্যুত্থানের দিন থেকে সু চি এবং সে দেশের শীর্ষ নেতারা আটক আছেন। যদিও জনসম্মুখে গত সোমবার থেকেই দেখা যায়নি সু চি কে। ধারণা করা হচ্ছে তিনি গৃহবন্দি আছেন।
তবে আজ শুক্রবার বিকালে কয়েকশ শিক্ষক ও শিক্ষার্থী ডাগন বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হয়ে সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেছেন। মিন সিথু নামের এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “আমরা আমাদের প্রজন্মকে এই জাতীয় সামরিক স্বৈরশাসনের আওতায় পড়তে দেব না।"