
আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে করোনা পরিস্থিতি কিছুটা কমলেও এখন আবার দেখা দিয়েছে ব্রিটেনের নতুন ধরনের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। গত বৃহস্পতিবার উত্তর ইতালির কর্জানো শহরে এর উপস্থিতি পাওয়া গেছে। শহরের একটি স্কুলের ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৯ জনের শরীরে এর উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনার পর উত্তরাঞ্চলের লোম্বার্দিয়া প্রদেশের ব্রেসিয়া প্রভেন্সিতে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা এ ভাইরাসের স্ট্রেন চিহ্নিত করেছে। ব্রেসিয়া প্রভেন্সির স্বাস্থ্যকর্মীরা ভাইরাসটির
নমুনায় ব্রিটিশ নতুন ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছেন।
গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ব্রিটেনের সঙ্গে ইতালির সব ধরনের ভ্রমণ ও যোগাযোগে কড়াকড়ি আরোপ করা হয়। তারপরও এ নতুন ভাইরাস কীভাবে ইতালিতে প্রবেশ করল তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ডিসেম্বর শেষ সপ্তাহ, ক্রিসমাস ও নববর্ষের ছুটির দিনগুলোতে জনস্বাস্থ্য নিরাপত্তার জন্য ইতালিতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। সেই সঙ্গে জনগণের যোগাযোগ ও যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। ফলশ্রুতিতে ইতালিতে করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসে।