
আন্তর্জাতিক ডেস্কঃ এইচওয়ানবি ভিসা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত নীতি এখনই কার্যকর করছে না জো বাইডেন প্রশাসন। ফলে মার্কিন সংস্থাগুলোতে চাকরির জন্য বিদেশি কর্মীদের ভিসা পেতে অনেক সুবিধা হবে। শুক্রবার এক বিবৃতিতে বাইডেন প্রশাসনের অভিবাসন দপ্তর থেকে বলা হয়, জনপ্রিয় ওয়ার্কিং ভিসা বণ্টনের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নীতি আপাতত কার্যকর করা হচ্ছে না। ফলে লটারি ব্যবস্থার মাধ্যমে চালু থাকা ভিসা অনুমোদন পদ্ধতি বহাল থাকছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এই সময়ের মধ্যে অভিবাসন দপ্তর তাদের ভিসা অনুমোদন এবং রেজিস্ট্রেশন ব্যবস্থার পুরো সংস্কার, পরিমার্জন করবে। এইচওয়ানবি ভিসা অনুমোদন ব্যবস্থা আগের চেয়ে আরও মসৃণ করা হবে এবং ভিসা অনুমোদনের ক্ষেত্রে যোগ্যতম প্রার্থী নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।