
আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক অভ্যুত্থান কেন ঘটানো হলো সে বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি ব্যাখ্যামূলক চিঠি দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে গুরুতর ভোট জালিয়াতির বিষয় তুলে ধরা হয়েছে। শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের নতুন সরকার বলেছেন, ধাপে ধাপে পর্যায়ক্রমে তারা রোহিঙ্গাদের অবস্থান পরিবর্তন করবে। মিয়ানমার সরকার বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, কী কারণে তারা টেকওভারটা করেছে। তারা বলছেন, মিয়ানমারে সদ্য সমাপ্ত নির্বাচনে ১০ দশমিক ৪ মিলিয়ন (১ কোটি ৪ লাখ) ভুয়া ভোট হয়েছে। এই ভুয়া ভোটের কারণে তারা এমনটা করেছে।