
আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক অভ্যুত্থানের পাঁচ দিন পর গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় বিক্ষোভ হলো মিয়ানমারে। ইয়াঙ্গুনের রাজপথে গতকাল শনিবারের এই বিক্ষোভে এক হাজারের বেশি মানুষ অংশ নেয়। বিক্ষোভ থেকে স্লোগান আসে, ‘সামরিক স্বৈরশাসন নিপাত যাক, গণতন্ত্রের জয় হোক’। বিক্ষোভকারীদের কণ্ঠে ছিল সু চিসহ অন্য নেতাদের মুক্তির দাবিও। যদিও এই বিক্ষোভের আগে দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সামরিক সরকার।
এদিকে মিয়ানমারের সামরিক বাহিনী ও পুলিশের প্রতি জনগণের শান্তিপূর্ণ আন্দোলনকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার কার্যালয় (ওএইচসিএইচআর)। তারা বলেছে, কোনো ভাবেই যেন প্রতিবাদকারীদের ওপর দমন-পীড়ন চালানো না হয়।সামরিক অভ্যুত্থানের পর দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত প্রতিবাদ হয়েছে। তবে ইয়াঙ্গুন ইউনিভার্সিটির পার্শ্ববর্তী এলাকায় গতকালের বিক্ষোভ মিছিলটি ছিল কয়েক দিনের মধ্যে সবচেয়ে বড়। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের পরনে ছিল লাল রঙের পোশাক। অনেকের মাথায় বাঁধা ছিল লাল ফিতা। এই লাল রং এনএলডির প্রতীক হিসেবে পরিচিত।