
আন্তর্জাতিক ডেস্কঃ দুর্নীতির অভিযোগে ফের আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তাকে আদালতে হাজির করা হলে নিজের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেন। এর মধ্য দিয়ে সেখানে নির্বাচনের ৬ সপ্তাহ আগে এই বিচার কার্যক্রম নতুন এক উত্তেজনার সৃষ্টি করেছে। করোনা ভাইরাস সংক্রমণের অজুহাতে তার বিরুদ্ধে শুনানি বেশ কয়েক দফা পিছানো হয়েছিল। তারপর সোমবার শুনানি শুরু হয়। এসময় তিনি অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক জবাব দিয়েছেন। এরপরে মামলার সাক্ষ্য ও প্রমাণ যাচাই বাছাই করার কথা।
নেতানিয়াহুর বিরুদ্ধে গত বছর অভিযোগ আনা হয়। তাতে বলা হয়, তিনি যথার্থহীন উপহার নিয়েছেন এবং তার পক্ষে খবর প্রকাশের জন্য মিডিয়া মুঘলদের বাণিজ্যিক সুবিধা দিতে চেয়েছেন। যদি এ অভিযোগে তিনি অভিযুক্ত হন তাহলে তিনিই হবেন এমন প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী। কিন্তু মে মাসে প্রথম আদালতে হাজির হওয়ার আগে ৭১ বছর বয়সী এই নেতা অভিযোগের নিন্দা জানিয়েছেন। বলেছেন, এসব বানোয়াট, হাস্যকর। তিনি দাবি করেছেন তিনি শত্রুতার শিকার।