
আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক অভ্যুত্থানের সাফাই গেয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান। সেই সঙ্গে তিনি বলেছেন, সামরিক সরকারের শাসনামলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হবে না। পরিবর্তন করা হবে না মিয়ানমারের পররাষ্ট্রনীতিও। শিগগিরই নতুন নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এদিকে গণতন্ত্রের দাবিতে দেশটির রাজপথে নামা বিক্ষোভকারীদের সামনে ক্রমেই ‘স্বরূপে’ হাজির হচ্ছে সামরিক সরকার। বিক্ষোভের প্রথম তিন দিন চুপ থাকলেও চতুর্থ দিনে জলকামান এবং গতকাল পঞ্চম দিনে এসে বিক্ষোভকারীদের দমাতে রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। তবে সামরিক সরকারের চোখ-রাঙানি উপেক্ষা করে রাজপথে মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।