
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের গান ল’ (বন্দুক ধারণ আইন) পরিবর্তনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) দেশটির ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে বন্দুকধারীর হামলার তিন বছর পূর্তির দিনটিকে স্মরণ করে বাইডেন বলেন, কংগ্রেসের কাছে অনুরোধ; বন্দুক আইন সংশোধনের বিল নিয়ে আসা হোক পার্লামেন্টে। বাইডেন জানান, তার সরকার পরবর্তী মাসে এমন একটি ঘটনার জন্য অপেক্ষা করবে না। যত দ্রুত সম্ভব বন্দুক আইন বদলের চেষ্টা করবে।
আমেরিকার নিয়ম অনুযায়ী, আইন বদল করতে হলে প্রথমে তা কংগ্রেসে আনতে হবে। সেখানে বিল পাস হলে তা যাবে সিনেটে। সিনেট সেই বিলকে ছাড়পত্র দিলে তবেই প্রেসিডেন্ট সই করে বিলকে আইনে পরিণত করতে পারেন। পার্কল্যান্ডের স্কুলে বন্দুকধারী হামলা চালানোর পর ডেমোক্র্যাট-অধ্যুষিত মার্কিন কংগ্রেস বন্দুক আইন সংশোধনের একটি বিল এনেছিল। কিন্তু রিপাবলিকান-অধ্যুষিত সিনেট সেই বিল পাস হতে দেয়নি। ফলে তখন বন্দুক আইন পরিবর্তন করা সম্ভব হয়নি।