
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বলেছেন, ইয়েমেনে ইতোমধ্যে ৫০ হাজার মানুষ খাবারের অভাবে মারা গেছে। এছাড়া আরও অন্তত ৫০ লাখ মানুষ মারাত্মক খাবার সংকটে রয়েছে। তিনি আরও বলেন, চলতি বছর ইয়েমেনের এক কোটি ৬০ লাখের বেশি নাগরিক ক্ষুধায় ভুগবে। বিপর্যয়ের আগেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক বছরের টানা আগ্রাসনে দেশটির অবকাঠামো অনেকটাই ভেঙে পড়েছে। এছাড়া দেশটির বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে। ইয়েমেনের জনগণের ওপর পছন্দসই অনুগত শাসক চাপিয়ে দিতে সেদেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব।