
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি ও সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে রাজনৈতিক লড়াই এখন বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছে। ‘জয় বাংলা’ স্লোগান ইস্যুতে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন ওরা এই স্লোগান আমদানি করে রাজ্যটাকে বাংলাদেশ বানাতে চাইছে। যদিও শুভেন্দুর দাবি তৃণমূলের এই স্বপ্ন কোনদিনই পূরণ হবে না। বাংলায় এবার পদ্ম ফুটবে এবং তৃণমূল সাফ হয়ে যাবে।
সামনেই পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে বিধানসভার নির্বাচন। সাম্প্রতিক কালে তৃণমূলের পাশাপাশি বিজেপি কর্মী-সমর্থকদেরকেও ‘খেলা হবে’ স্লোগান দিতে দেখা যাচ্ছে। তা নিয়ে রবিবার সন্ধ্যায় রাজ্যটির শিলিগুড়িতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন ‘খেলা হবে- এই স্লোগান বাংলাদেশ থেকে এসেছে। নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান চার বছর আগে এই স্লোগান দিয়েছিল যে ‘খেলা হবে-খেলা হবে’। পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার আছে, তারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায়। এই কারণে ‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। আর আমাদের স্লোগান হল ‘ভারত মাতা কি জয়’, ‘জয় শ্রী রাম।’