
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের ওপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা চাপানোর বিপক্ষে সিঙ্গাপুর। আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি উদ্বেগজনক। ‘ব্যাপক নিষেধাজ্ঞা’ আরোপ করা হলে দেশটির সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, এ কারণে তারা এ ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না। খবর বার্তা সংস্থা রয়টার্সের। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে মুক্তি দিয়ে আলোচনার পথ সুগম করারও আহ্বান জানিয়েছেন তিনি।অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) সদস্য সিঙ্গাপুর জোটের অপর সদস্য দেশ মিয়ানমারে ব্যাপক বিনিয়োগ করেছে। পার্লামেন্টে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, মিয়ানমারে বিক্ষোভে সহিংসতা, সরকারি কর্মীদের বিরুদ্ধে ধরপাকড়, ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া এবং বিভিন্ন শহরের সড়কে সেনাবাহিনী ও সাঁজোয়া যান মোতায়েনের ঘটনায় তারা উদ্বিগ্ন।