
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় বাস খাদে পড়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাজ্যের রাজধানী ভুপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাটনা গ্রামের কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালের পানিতে পড়ে যায়। এসময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট ধর্মভীর সিং জানান, নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, একজন শিশু ও ১৬ জন নারী রয়েছেন। তিনি আরো জানান, এখন পর্যন্ত অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার কাজ চলছে।