
আন্তর্জাতিক ডেস্কঃ এক বছরে ইউরোপে সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ মারা গেছে করোনায়। ইউরোপে করোনায় প্রথম আক্রান্ত দেশ ইতালি। দেশটি মৃত্যুর হারে রয়েছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত করোনায় ইতালিতে অন্তত ৯৪ হাজার মানুষ মারা গেছেন। এরই মধ্যেই ভ্যাকসিন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং আগামী সেপ্টেম্বরে ইতালিতে ১০ কোটি ভ্যাকসিন তৈরি হবে। ২৭ ডিসেম্বর থেকে ইউরোপজুড়ে একযোগে ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও আক্রান্ত দেশগুলোতে মৃত্যুর সংখ্যা ঠেকানো যাচ্ছে না তেমন। জাপানের পর বিশ্বে সর্বাধিক বয়স্ক মানুষের সংখ্যা ইতালিতেই বেশি। ধারণা করা হচ্ছিল এ কারণেই এখানে মৃত্যুর হার বেশি। কিন্তু কম বয়সী মানুষও মারা যাচ্ছে এখানে।
ইতালিতে তৈরি ১০ কোটি ভ্যাকসিন আসছে আগামী সেপ্টেম্বরে। ইতালীয় কোম্পানি রেইথেরা যা উৎপাদন করছে। ভ্যাকসিন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়ন প্রশংসাও করেছে। এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত খুশি। এই ভ্যাকসিন আসাতে ঘুরে দাঁড়াতে পারবেন তারা। প্রফেসর মারিও দ্রাঘীর নেতৃত্বাধীন নতুন সরকার স্বাস্থ্য সুরক্ষা ও ভ্যাকসিনের ওপর জোর দিচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলেছে, দেশটিতে আর কেন্দ্রীয়ভাবে লকডাউন দেয়া হবে না। তবে অঞ্চলভিত্তিক লাল-কমলা-হলুদ জোনে চিহ্নিত করা হবে। সংক্রমণ সংখ্যা বাড়ায় আগামী ২২ ফেব্রুয়ারি, রোমসহ পুরো লাজিও বিভাগ আবারও কমলা জোনে পরিণত হবে।