
আন্তর্জাতিক ডেস্কঃ মে মাসের মধ্যে আফগানিস্তানে থাকা বাকি সেনাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। গেল ২০ বছর ধরে সেখানে সেনা মোতায়েন করে রেখেছে দেশটি। সেনা মোতায়েনের ক্ষেত্রে ওয়েলিংটনের এটাই দীর্ঘদিনের রেকর্ড। বুধবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, সংকটে জর্জরিত দেশটি অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধানের ভালো সুযোগ তৈরি করেছে। এ মুহূর্তে নিউজিল্যান্ডের ডিফেন্স ফোর্সের সেখানে থাকার প্রয়োজনীয়তা নেই।
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে হামলা চালায়। সেই থেকে সাড়ে তিন হাজারের বেশি প্রতিরক্ষা এবং অন্যান্য সংস্থার সদস্য মোতায়েন রেখেছিল নিউজিল্যান্ড। বর্তমানে আফগানিস্তানে নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর ছয় সদস্য মোতায়েন রয়েছে। তিনজন আফগানিস্তান ন্যাশনাল আর্মি আফিসার অ্যাকাডেমিতে বাকি তিনজন ন্যাটোর সাপোর্ট মিশনের হেড কোয়ার্টার্সে। গুরত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে আলোচনার পরই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আরডার্ন।